মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম
অঙ্কিতা
expand
অঙ্কিতা

পরিবারের অমতে বিয়ে করায় ২৪ বছর বয়সী এক তরুণীকে পিটিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত বিমল শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, নিহত তরুণীর নাম অঙ্কিতা। প্রায় চার মাস আগে পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর সদস্য অমিত পাচৌরির সঙ্গে আদালতে গিয়ে বিয়ে করেন।

বিয়ের পর অমিত কর্মস্থলে ফিরে গেলেও অঙ্কিতা বাবা-মায়ের বাড়িতেই অবস্থান করছিলেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) রাতে মেয়েকে মারধরের একপর্যায়ে বিমল শর্মা তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন। হত্যার পর তিনি তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন এবং নিজে মরদেহের পাশে বসে থাকেন।

প্রতিবেশীরা বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে দরজায় ধাক্কা দেন। কোনো সাড়া না পেয়ে এবং ঘরের আলো নিভে যেতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অঙ্কিতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার গলায় শক্ত করে ওড়না পেঁচানো ছিল এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে বিমল শর্মা হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, মেয়ের আদালতে গিয়ে পরিবারের অমতে বিয়ে করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। বারবার বোঝানোর পরও অঙ্কিতা সম্পর্ক থেকে সরে না আসায় রাগের বশে এ হত্যাকাণ্ড ঘটান।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে হত্যা মামলায় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন