

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে বহুতল ভবন থেকে পড়ে এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
নিহত চিকিৎসক ডা. হেমিকা আগরওয়ালের বয়স ছিল ৪০ বছর। পরিবারের সদস্যদের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর তিনি গভীর মানসিক সংকটে পড়েন এবং দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রোববার গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে যান ডা. হেমিকা। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ডা. আর চন্দ্র, যিনি নিজেও একজন মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানিয়েছেন যে, বিবাহবিচ্ছেদের পর থেকেই তার মেয়ের মানসিক অবস্থার অবনতি হতে থাকে এবং তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
তথ্যসূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।