

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নিহত সবাই খনিশ্রমিক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
শুক্রবার (২৩ মে) ছিংইয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভূগর্ভে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনো চলছে। নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের আগে খনিতে কার্বন মনোক্সাইডের সতর্কতা জারি করা হয়েছিল। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের মাত্রা তখন নিরাপদ সীমার চেয়েও বেশি ছিল।
ঘটনার পর খনির তদারকির দায়িত্বে থাকা একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশজুড়ে কর্মক্ষেত্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়ভাবে প্রকাশিত ভিডিওতে খনির বাইরে একাধিক অ্যাম্বুলেন্স দেখা গেছে।
শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন এলাকা। গত বছর এখানে ১০০ কোটির বেশি টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক ও ভোক্তা দেশ চীন। একই সঙ্গে দেশটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষে থাকলেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও অগ্রগতি অর্জন করেছে।
তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, শিথিল তদারকি ও দুর্নীতির কারণে চীনের কয়লা খনিগুলোকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
