বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেলোনিকে চকোলেট উপহার দিলেন মোদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ইতালি সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিশেষ একটি উপহার দিয়েছেন। রোমে যাওয়ার সময় তিনি সঙ্গে করে নিয়ে যান এক প্যাকেট 'পার্লে মেলোডি চকোলেট। দুই নেতার চমৎকার রসায়ন নিয়ে ইন্টারনেটে ভাইরাল হওয়া 'মেলোডি' নামটিকে ঘিরেই এই মজার উপহার দিয়েছেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির এই মিষ্টি উপহার দেওয়ার ভিডিও শেয়ার করে মেলোনি লিখেছেন, উপহারের জন্য ধন্যবাদ। এছাড়া ভিডিওতে দুই নেতাকে ভারতের জনপ্রিয় এই চকোলেটের প্যাকেট হাতে হাসিমুখে কথা বলতে দেখা যায়। ইতালির প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি উপহার হিসেবে খুব, খুব দারুণ একটি টফি এনেছেন। এ সময় মোদি বলেন, মেলোডি।

মূলত মেলোনি ও মোদির নামের অংশ যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে 'মেলোডি শব্দটি জনপ্রিয় হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই দুই নেতার উষ্ণ ও স্বতঃস্ফূর্ত মুহূর্তের নানা ভিডিও ও মিম ইন্টারনেটে কোটি কোটি ভিউ পেয়েছে। গত ২০২৫ সালের জুনে জি-৭ সম্মেলনে মোদির সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করে মেলোনি লিখেছিলেন, হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম।

তবে মোদি-মেলোনির এই সম্পর্ক কেবল ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি তাদের পররাষ্ট্রনীতিরও এক দৃশ্যমান প্রতিফলন। বিশেষ করে ইউরোপে, সর্বোপরি ইতালির সঙ্গে ভারতের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদারিত্ব তৈরি হয়েছে। উভয় দেশই 'ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোর (আইএমইসি) নিয়ে কাজ করছে, যেখানে রোমকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে ধরা হচ্ছে। এর লক্ষ্য হলো বৈশ্বিক বাণিজ্য রুটে বৈচিত্র্য আনা এবং চীনের অবকাঠামোগত নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমানো।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত দুই নেতার এক যৌথ নিবন্ধে বলা হয়েছে, ভারত ও ইতালির সম্পর্ক এখন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক বছরে আমাদের এই সম্পর্ক সাধারণ বন্ধুত্ব থেকে স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।

আগামী ২০২৯ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ইউরো ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে নয়াদিল্লি ও রোম। পাশাপাশি 'জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান ২০২৫-২০২৯' নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে দুই দেশ।

পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার রোমে পৌঁছে মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন মোদি। এরপর তারা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে যান এবং নানা বিষয়ে গভীর আলোচনা করেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি জানান, ভারত-ইতালি বন্ধুত্ব কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন