রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে একাধিক দফায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে কয়েকটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (০১ আগস্ট) প্রকাশিত মাসিক পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, আগস্টের শুরুতেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে উজানের ঢল ও টানা বর্ষণের কারণে নদ-নদীর পানি বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির বিস্তার বাড়তে পারে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। প্রয়োজনে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সময় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধস এবং দেশের উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

আগস্টের শেষার্ধেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে বা তা অতিক্রম করতে পারে। মাসের শেষ সপ্তাহে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বৃষ্টির প্রভাব থাকতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে নতুন আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

তবে চলতি মাসে বড় ধরনের ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির ফাঁকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দেশের বিভিন্ন স্থানে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন