সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণ পদক 

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কমনওয়েলথ গেমসের প্রথম তিন দিন ভারতীয় শিবিরে ছিল হতাশা। চতুর্থ দিন এসে সেই অপেক্ষার অবসান ঘটালেন ভারোত্তোলক মীরাবাই চানু। শুধু স্বর্ণপদকই নয়, নিজের পারফরম্যান্স দিয়ে গড়েছেন একের পর এক রেকর্ড।

গ্লাসগোতে অনুষ্ঠিত ৪৮ কেজি ওজন শ্রেণিতে নামার আগে বড় চ্যালেঞ্জ ছিল ওজন নিয়ন্ত্রণে রাখা। প্রতিযোগিতা শেষে ভারতের এই তারকা ভারোত্তোলক জানান, স্বর্ণ জিততে তাকে কঠিন সময় পার করতে হয়েছে।

চানু বলেন, ‘গত তিন দিন ধরে আমি খাইনি। ওজন ঠিক রাখা আমার জন্য খুব কঠিন ছিল। এই স্বর্ণপদক আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’

৪৮ কেজি বিভাগে শুরু থেকেই ফেভারিট ছিলেন মীরাবাই। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে থাকলেও প্রতিযোগিতার শুরুটা তার জন্য সহজ ছিল না। স্ন্যাচে প্রথমবার ৮২ কেজি তুলতে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় চেষ্টায় একই ওজন তুলে শুধু ফিরে আসেননি, গড়েছেন কমনওয়েলথ রেকর্ড।

এরপর ৮৫ কেজি তুলে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেন ভারতীয় এই ভারোত্তোলক। ক্লিন অ্যান্ড জার্কেও প্রথম প্রচেষ্টায় ১০৫ কেজি তুলতে না পারলেও দ্বিতীয়বার সফল হন। এই উত্তোলনও ছিল নতুন রেকর্ড।

সব মিলিয়ে মোট ১৯০ কেজি ভার তোলেন মীরাবাই চানু, যা তৈরি করে আরেকটি নতুন রেকর্ড। চারটি রেকর্ডের কীর্তি গড়ে শেষ পর্যন্ত নিশ্চিত করেন স্বর্ণপদক।

পদক জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি ৩১ বছর বয়সী এই অ্যাথলেট। পুরস্কার বিতরণী মঞ্চে জাতীয় সংগীত চলার সময় চোখে পানি চলে আসে তার।

মীরাবাইয়ের স্বর্ণপদকের সুবাদে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারতের অবস্থানও উন্নত হয়েছে। চতুর্থ দিন শেষে ভারতের ঝুলিতে জমা হয়েছে একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন