

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খেলোয়াড় হিসেবে বিশ্ব ফুটবলে নিজের জায়গা অনেক আগেই করে নিয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের ফুটবলে ক্লাব মালিক হিসেবেও তার উপস্থিতি আরও বাড়তে যাচ্ছে। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কেনার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন আর্জেন্টাইন তারকা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এলদেনসের সংখ্যাগরিষ্ঠ মালিক থি সলুসিওনেস গ্রুপ এসএএসের হাতে থাকা সব শেয়ার কেনার বিষয়ে মেসির সঙ্গে সমঝোতা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে মালিকানা হস্তান্তরের আগে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) অনুমোদন প্রয়োজন। কলম্বিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি ২০২৫ সালের অক্টোবরে এলদেনসের মালিকানা নেয়।
এলদেনসে কেনা হলে স্পেনে মেসির ক্লাব মালিকানার প্রকল্প আরও বড় হবে। এর আগে গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই করনেল্লার মালিকানা নিয়েছেন তিনি। অর্থাৎ ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার আগেই খেলোয়াড়ি পরিচয়ের পাশাপাশি ক্লাব ব্যবস্থাপনায়ও নিজের পরিধি বাড়াচ্ছেন মেসি।
আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার বাসিন্দার শহর এলদায় এলদেনসের অবস্থান। দীর্ঘ ইতিহাসে ক্লাবটি বেশির ভাগ সময় স্পেনের নিচের স্তরের ফুটবলে কাটিয়েছে। তবে সাম্প্রতিক বিনিয়োগের পর গত চার মৌসুমের তিনটিতেই দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ পেয়েছে তারা।
বর্তমান মৌসুম অবশ্য এলদেনসের জন্য খুব একটা আশাব্যঞ্জক নয়। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। এমন বাজে শুরুর পর গত রোববার কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করা হয়েছে। দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকাতেও ক্লাবটির অবস্থান এখন নিচের দিক থেকে তৃতীয়।

