বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লেস্টার ছাড়ছেন হামজা, নতুন গন্তব্য কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব ফুটবলের দলবদলের বাজারে সামনে এসেছে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর নাম। গুঞ্জন উঠেছে শিগগিরই নিজের দীর্ঘদিনের ক্লাব লেস্টার সিটি ছাড়বেন তিনি। এরই মধ্যে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি। হামজার বহুমুখী দক্ষতাকে কাজে লাগিয়ে মাঝমাঠ আরও শক্তিশালী করতে চায় ক্লাবটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর দলবদলবিষয়ক প্রতিবেদক মাইক ম্যাকগ্রা এক প্রতিবেদনে ডার্বির আগ্রহের কথা জানিয়েছেন। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়ে শেষ করা ডার্বি এবার দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনায় হামজাকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

তবে হামজার দলবদল এখনো চূড়ান্ত নয়। লেস্টার সিটির কাছে ডার্বি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দিয়েছে কি না, সেটিও পরিষ্কার নয়। তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার চেষ্টা চলছে, নাকি ধারে নেওয়ার পরিকল্পনা—এ বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হামজার সঙ্গে লেস্টার সিটির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। বয়সও এখন ২৮-এর কাছাকাছি। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে বিক্রি করে ভালো অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ লেস্টারের সামনে রয়েছে।

হামজার সম্ভাব্য নতুন ঠিকানা ডার্বি কাউন্টি অবশ্য লেস্টারের চেয়ে এক ধাপ ওপরে খেলছে। লেস্টার বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে অবস্থান করছে, আর ডার্বি খেলছে চ্যাম্পিয়নশিপে। ডার্বিতে গেলে হামজার সামনে তুলনামূলক উচ্চস্তরের প্রতিযোগিতায় ফেরার সুযোগ তৈরি হবে।

ডার্বির নজরে হামজার সবচেয়ে বড় শক্তি তার বহুমুখী সামর্থ্য। ডিফেন্সিভ মিডফিল্ডে নিয়মিত খেললেও প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন তিনি। মাঝমাঠে বল দখল, প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো এবং রক্ষণে সহায়তার পাশাপাশি একাধিক পজিশনে খেলার সক্ষমতা তাকে দলটির জন্য আকর্ষণীয় করে তুলেছে।

লেস্টার সিটির একাডেমি থেকেই উঠে এসেছেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে অভিষেকের পর ধারে বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডের জার্সিতেও দেখা গেছে তাকে। সর্বশেষ ধারের মেয়াদ শেষ হওয়ার পর গত মৌসুমে লেস্টারে ফিরে আসেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

বাংলাদেশের জাতীয় দলের হয়েও হামজা এখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হামজা বাংলাদেশকে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন