বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জনের আল নাসরের অবিশ্বাস্য কামব্যাক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে প্রথমবার আল নাসরের মূল একাদশে জায়গা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো তাকে দেখতে হয়েছে মাঠের বাইরে বসে। দুই গোলে পিছিয়ে থাকা এবং একজন খেলোয়াড় কম নিয়ে খেলা আল নাসর শেষ পর্যন্ত আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে।

ম্যাচের প্রথমার্ধ শেষে রোনালদোকে তুলে নেন আল নাসরের কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। মাঠ ছাড়ার সময় পর্তুগিজ তারকার মুখে কোচের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের ছাপও দেখা যায়। তবে এরপর ডাগআউটে বসেই ম্যাচের নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হতে হয়েছে তাকে।

শুরু থেকেই অবশ্য আল নাসরের জন্য পরিস্থিতি কঠিন ছিল। ম্যাচের ১২ মিনিটে আল ইত্তিফাকের ফরোয়ার্ড মুসা দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আল নাসরের গোলরক্ষক বেন্তো। ফলে ম্যাচের বড় অংশ ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে দেরি করেনি আল ইত্তিফাক। ৩১ মিনিটে প্রথম গোলের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একবার জালে বল পাঠিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

এমন পরিস্থিতিতে দলের অন্যতম সেরা গোলদাতাকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি ছিল বেশ সাহসী। তবে প্রথমার্ধে রোনালদোর পারফরম্যান্সও ছিল তার স্বাভাবিক মানের চেয়ে অনেকটাই নিষ্প্রভ। পুরো ৪৫ মিনিটে মাত্র সাতবার বলের স্পর্শ পান তিনি। দুটি শটের একটি ছিল লক্ষ্যে। পাঁচটি পাসের মধ্যে দুটি ছিল ভুল।

রোনালদো মাঠ ছাড়ার পর অবশ্য যেন বদলে যায় আল নাসর। ৭৪ মিনিটে সাদিও মানের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দলটি। মাত্র তিন মিনিট পর আবদুল্লাহ আল আমারির গোলে সমতা ফেরায় ১০ জনের আল নাসর।

এরপর নাটকের শেষ দৃশ্য যোগ করা সময়ে। আবারও গোল করেন মানে। তার দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই গোলে পিছিয়ে পড়া দলটি নিশ্চিত করে অবিশ্বাস্য এক জয়।

এই জয়ে লিগে টানা তৃতীয় জয় পেল আল নাসর। তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে পোস্তেকোগলুর দল। আর রোনালদোর জন্য ম্যাচটি হয়ে থাকল এক অদ্ভুত অভিজ্ঞতা—মাঠে থেকে শুরু করেও দলের রূপকথার প্রত্যাবর্তন দেখতে হলো তাকে ডাগআউটে বসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন