বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিচ্ছেন সামিত সোম!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কানাডার ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর নতুন ঠিকানার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের মিডফিল্ডার সামিত সোম। এবার তার পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যুক্তরাষ্ট্রের ফুটবলের তৃতীয় স্তরের এই ক্লাবটিতে সামিতের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনো বিষয়টি নিশ্চিত করেনি নিউইয়র্ক কসমস কিংবা সামিতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায়ের ইতি টানেন সামিত। ২০২৬ মৌসুমের দলবদলের আগে কানাডার ক্লাবটিও তার বিদায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। এরপর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন বাংলাদেশি এই মিডফিল্ডার।

নিউইয়র্ক কসমসের সঙ্গে সামিতের নাম জড়ানোয় বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্লাবটির ইতিহাসের কারণে। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার একসময় এই ক্লাবের জার্সি পরেছেন। ব্রাজিলের কিংবদন্তি পেলে ১৯৭৫ ও ১৯৭৬ সালে কসমসের হয়ে খেলেন। পরে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক বেকেনবাওয়ারও ক্লাবটির হয়ে যুক্তরাষ্ট্রে খেলেছেন।

তবে ইতিহাসসমৃদ্ধ কসমসে সামিতের সম্ভাব্য যোগদানের খবর এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। চুক্তি বা দলবদল নিয়ে ক্লাব কিংবা খেলোয়াড়—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সামিতের আন্তর্জাতিক ফুটবলের শুরু অবশ্য বাংলাদেশের হয়ে নয়। কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। পরে নিজের পারিবারিক শিকড়ের দেশ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার।

২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন সামিত। জাতীয় দলের হয়ে প্রথম গোলের জন্য তাঁকে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। পরের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো গোল করেন এই মিডফিল্ডার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন