বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেস্টার ছেড়ে নতুন ক্লাবে যোগ দিচ্ছেন হামজা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিতে যোগ দেবেন তিনি।

আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইড প্লাস জানিয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ধারে হামজাকে দলে নিতে কাজ করছে সাবাহ এফসি। যদিও সম্ভাব্য এই দলবদল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লেস্টার সিটি কিংবা সাবাহ—দুই ক্লাবের কেউই।

দলবদলটি সম্পন্ন হলে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলার সুযোগ পেতে পারেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। চলতি মৌসুমে ইতিহাসে প্রথমবারের মতো আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে সাবাহ এফসি। প্রথম দুই ধাপ সফলভাবে পেরিয়ে দলটি আজ তৃতীয় বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে।

ক্যারিয়ারের বড় একটি অর্জন হিসেবে ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন হামজা। দীর্ঘদিন ধরেই ইংলিশ ক্লাবটির হয়ে খেললেও সাম্প্রতিক সময়ে নিয়মিত একাদশে জায়গা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে উঠেছে। ফলে নতুন মৌসুমে ধারে অন্য কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা চলছে।

ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

এখন দেখার বিষয়, আলোচনার পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় কি না। সেটি হলে নতুন মৌসুমে ইউরোপীয় মঞ্চে সাবাহ এফসির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন