

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে এসে স্প্যানিশ ফুটবলে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের সামনে রয়েছে শৈশবের স্বপ্নপূরণের হাতছানি, কিন্তু সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার বর্তমান ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ।
বার্সেলোনার জার্সি গায়ে খেলার ইচ্ছা আলভারেজের নতুন নয়। জানা গেছে, ন্যু ক্যাম্পে যাওয়ার ব্যাপারে তিনি আগ্রহী। তবে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়েও অ্যাতলেতিকোর অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্লাবটির সভাপতি এনরিকে সেরেজো এরই মধ্যে বার্সেলোনার আগ্রহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরুতে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন আলভারেজ। এর মাধ্যমে দলবদল ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
অ্যাতলেতিকোর সঙ্গে আলভারেজের চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। তার চুক্তিতে ৫০০ মিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজও রয়েছে। তবে এর আগে ক্লাব কর্তৃপক্ষ তাকে জানিয়েছিল, বড় কোনো ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব এলে আলোচনার সুযোগ থাকবে। সেই প্রতিশ্রুতির পরও বার্সেলোনার প্রস্তাবে সাড়া না পাওয়ায় হতাশ হয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
আলভারেজের অবস্থান অবশ্য পরিষ্কার। দল ছাড়ার সুযোগ এলে তার পছন্দ কেবল বার্সেলোনা। পিএসজি ও আর্সেনালের মতো ক্লাব আগ্রহ দেখালেও তার মনোযোগ ন্যু ক্যাম্পকেন্দ্রিক বলেই দাবি করা হচ্ছে।
বিশ্বকাপের সময়ও নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন আলভারেজ। সে সময় তিনি জানিয়েছিলেন, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সবার জন্যই ভালো হতে পারে। তার বক্তব্যে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আকাঙ্ক্ষাই প্রকাশ পেয়েছিল।
অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদও সহজে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে রাজি নয়। বিশেষ করে সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করার বিষয়ে তাদের আপত্তি আরও বেশি।
বার্সেলোনার কোচিং স্টাফের কাছেও আলভারেজ আক্রমণভাগের কাঙ্ক্ষিত সমাধান হিসেবে বিবেচিত হচ্ছেন। তার গোল করার ক্ষমতা, বহুমুখী খেলার দক্ষতা এবং বয়স—সবকিছুই তাকে কাতালান ক্লাবটির পরিকল্পনার সঙ্গে মানানসই করে তুলেছে।
তবে বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতা এবং অ্যাতলেতিকোর কঠোর অবস্থানের কারণে আলোচনা এখনো এগোয়নি। কাতালান ক্লাবটি আপাতত অপেক্ষার কৌশল নিয়েছে। তাদের অবস্থান, পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হলে আলভারেজকেই আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।