বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।

বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তির মেয়াদ ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। পাশাপাশি চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দলের জয় এবং নিজেকে আরও এগিয়ে নেওয়া। ক্লাব যে প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে এখানে আনতে সবার যে চেষ্টা ছিল, সেটি আমার কাছে অনেক বড় ব্যাপার।

জানা গেছে, গত তিন মাস ধরে কাসেমিরো ও ইন্টার মায়ামির মধ্যে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ এবং ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আস্থা রেখে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান। মায়ামি শহরকে নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়াও তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইন্টার মায়ামির পাশাপাশি ইতালির জুভেন্টাস ও ইন্টার মিলান, পাশাপাশি সৌদি আরবের কয়েকটি ক্লাবও কাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো ক্লাবই তার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জয়ের স্বাদ পান। একই সঙ্গে মাঠে ও ড্রেসিংরুমে দলের অন্যতম নেতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হলো পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডারের। এবার এমএলএসে মেসি, সুয়ারেজদের সঙ্গে তার জুটি কতটা সফল হয়, সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন