

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের মাঝপথে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার আট বছর আগের একটি সাক্ষাৎকার। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন এবং ফুটবলের ভবিষ্যৎ নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন, যা এখন ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফিফা যখন ২০২৬ বিশ্বকাপ-এর যৌথ আয়োজক হিসেবে এই তিন দেশকে ঘোষণা করে, তার পরপরই ২০১৮ সালে দেওয়া ওই সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি ও ক্রীড়া কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাণিজ্যিক স্বার্থে ভবিষ্যতে ফুটবলের মৌলিক কাঠামোও বদলে যেতে পারে।
ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ওরা ম্যাচকে দুই অর্ধের বদলে চার ভাগে ভাগ করবে, যাতে মাঝখানে বিজ্ঞাপন দেখানো যায়। দেখবেন, সেটাই হবে।’
বর্তমানে বিশ্বকাপে এখনও ৪৫ মিনিটের দুটি অর্ধে ম্যাচ অনুষ্ঠিত হলেও এবারের আসরে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে প্রচণ্ড গরমের কারণে ‘হাইড্রেশন ব্রেক’ চালু করা হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়ে খেলা সাময়িকভাবে থামানো হয়। এই বিরতির কারণে সম্প্রচারের সময় কিছুটা দীর্ঘ হচ্ছে, যা নিয়ে অনলাইনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এই পরিস্থিতির সঙ্গে ম্যারাডোনার পুরোনো মন্তব্য মিলিয়ে দেখছেন, যদিও ফিফা স্পষ্ট করেছে যে এই বিরতির উদ্দেশ্য শুধুই স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা।
সেই সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন নিয়েও আপত্তি জানিয়েছিলেন। তার মতে, দেশটিতে প্রচলিত ফুটবল সংস্কৃতির ঘাটতি রয়েছে এবং খেলাটির প্রতি আবেগ ঐতিহ্যবাহী ফুটবলপ্রেমী দেশগুলোর মতো নয়।
তিনি আরও মন্তব্য করেছিলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতি ভিন্ন ধাঁচের, যেখানে ফুটবল নয় বরং অন্যান্য খেলাই বেশি জনপ্রিয়।
একই সঙ্গে মেক্সিকোর সহ-আয়োজক হওয়া নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছিলেন, দাবি করেছিলেন যে সাম্প্রতিক বিশ্বকাপে অংশগ্রহণ বাড়লেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সাফল্য প্রত্যাশিত মানে পৌঁছায়নি।
বিশ্বকাপ চলাকালীন এই পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় আসায় ফুটবল মহলে আবারও শুরু হয়েছে বিতর্ক ও বিশ্লেষণ।
