শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা শিবিরে ফের ইনজুরির শঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই কিছুটা অস্বস্তিতে পড়েছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের প্রস্তুতির মাঝেই শারীরিক সমস্যায় পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস।

জানা গেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তালিয়াফিকো দলের অনুশীলন করতে পারেননি। অন্যদিকে পেশিতে অস্বস্তি অনুভব করায় গঞ্জালেসও মূল দলের বাইরে থেকে আলাদা অনুশীলন করেছেন। ফলে দুজনকে নিয়েই সতর্ক অবস্থানে রয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির টিম ম্যানেজমেন্ট।

তবে আপাতত স্বস্তির খবর হলো, তাদের কারোরই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার আশঙ্কা নেই। যদিও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তালিয়াফিকোর শুরুর একাদশে থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রস্তুতি পর্বে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন এই বাঁ-প্রান্তের ডিফেন্ডার। কিন্তু পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে দেখা যায়নি।

আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার চোট গুরুতর নয়। তবু সতর্কতার অংশ হিসেবে চিকিৎসকরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

অন্যদিকে নিকোলাস গঞ্জালেসও পুরোপুরি নিশ্চিন্ত নন। পেশির চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছিলেন তিনি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার পর আবারও কিছুটা অস্বস্তি অনুভব করেন। যদিও প্রাথমিক মূল্যায়নে এটিকে গুরুতর সমস্যা নয়, বরং সাধারণ পেশি সংকোচন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। তাই আগামী কয়েক দিনে তালিয়াফিকো ও গঞ্জালেসের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এদিকে ইতোমধ্যে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন স্ক্যালোনি। ইনজুরির কারণে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির জায়গায় দলে ডাকা হয়েছে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে খেলোয়াড়দের শারীরিক অবস্থা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন