মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওলিসের হ্যাট্রিকে বিশ্বকাপের প্রস্তুতি সারল ফ্রান্স

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:০৫ এএম আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ফ্রান্স। কোত দি ভোয়ারের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ের হতাশা কাটিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে দিদিয়ে দেশমের দল। এ ম্যাচে ফ্রান্সের হয়ে হ্যাট্রিক করেছেন মাইকেল ওলিসে।

লিলেতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও তাদের সতীর্থরা একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। প্রথম ১৫ মিনিটেই কয়েকটি পরিষ্কার সুযোগ নষ্ট করে ফ্রান্স।

তবে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। ৪৩তম মিনিটে দেম্বেলের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে কাছ থেকে জালে পাঠান ওলিসে। সেই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। ৪৯তম মিনিটে রক্ষণভাগের ব্যর্থ ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

ম্যাচে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও ৬৪তম মিনিটে একটি গোল শোধ দেয় নর্দার্ন আয়ারল্যান্ড। প্যাট্রিক কেলি সহজ সুযোগ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান।

তবে ম্যাচে ফেরার সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি ফ্রান্স। ৭৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। তার দুর্দান্ত গোলেই ম্যাচের ফল কার্যত নিশ্চিত হয়ে যায়।

জাতীয় দলের হয়ে এটি ওলিসের সপ্তম গোল। মাত্র ১৭ ম্যাচেই এমন পরিসংখ্যান তাকে ফ্রান্সের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করছে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় স্বস্তিতে থাকবে ফরাসি শিবির। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন