

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে আসছে একদম নতুন এক অভিজ্ঞতা। এবারই প্রথম বিশ্বমঞ্চে লড়বে রেকর্ড ৪৮টি দল। যৌথভাবে আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
দলের সংখ্যা বাড়ায় এবার এমন কিছু দেশ ফুটবল বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে, যাদের জন্য এটি প্রথমবার। দীর্ঘ সংগ্রাম আর বাধা পেরিয়ে ইতিহাস গড়া এমনই চার নবাগত দেশের গল্প নিয়ে এই আয়োজন।
উজবেকিস্তান
এশিয়ার অন্যতম শক্তিশালী দল হওয়া সত্ত্বেও এতদিন বিশ্বকাপের মূল পর্বে খেলা হয়নি উজবেকিস্তানের। ২০০৬ ও ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েও তাদের স্বপ্ন ভেঙেছিল। তবে এবার আর ভুল হয়নি। এশিয়া অঞ্চল থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে মধ্য এশিয়ার এই দেশ।
দলটির বড় ভরসা ডিফেন্ডার আবদুখোদির খুসানভ, যিনি প্রথম উজবেক ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলে দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
জর্ডান
প্রায় চার দশক আগে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়েছিল জর্ডান। দীর্ঘ অপেক্ষার পর এবার এশিয়ান বাছাইপর্বের গ্রুপ ‘বি’ থেকে দক্ষিণ কোরিয়ার পেছনে রানার্সআপ হয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। জর্ডানের এই ফুটবল যাত্রায় জড়িয়ে আছে অনেক চড়াই-উতরাই। এমনকি ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ে টটেনহ্যামের সাবেক ইংলিশ কোচ হ্যারি রেডনাপও দলটির দায়িত্ব সামলেছিলেন।
কুরাসাও
ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কুরাসাও। মাত্র ১৭১ বর্গমাইল আয়তন আর দেড় লাখ মানুষের এই দেশ জ্যামাইকার সাথে ড্র করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর স্বশাসিত দেশ হিসেবে যাত্রা শুরু করা কুরাসাও একসময় ফিফা র্যাঙ্কিংয়ে ১৫০-এর নিচে ছিল, যা এখন ৮০-র ঘরে। দলটির এই অবিশ্বাস্য বদলে যাওয়ার পেছনে বড় অবদান ৭৮ বছর বয়সী অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের।
কেপ ভার্দে
আফ্রিকার পশ্চিম উপকূলের মাত্র ছয় লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। এসওয়াতিনিকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে তারা। ১৯৯০ সাল থেকে চেষ্টা করা এই দলটির সাফল্যের মূল চাবিকাঠি হলো ইউরোপে ছড়িয়ে থাকা প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করা।
বর্তমান দলে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ছয়জন ফুটবলার আছেন। মজার ব্যাপার হলো, আয়ারল্যান্ডে জন্ম নেওয়া তাদের অভিজ্ঞ ডিফেন্ডার রবার্তো লোপেসের সাথে কেপ ভার্দে ফুটবল কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল পেশাদার যোগাযোগ মাধ্যম 'লিংকডইন'-এর মাধ্যমে। সেই যোগাযোগই আজ তাকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছে।
শিরোপা জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ মনে থাকবে এই দলগুলোর নতুন ইতিহাস লেখার গল্পে।
