শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৪০ পিএম আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
নেইমার জুনিয়র ।। ফাইল ছবি
expand
নেইমার জুনিয়র ।। ফাইল ছবি

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শনিবার (৬ জুন) মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরই মধ্যে এ ম্যাচকে সামনে রেখে দলটি পৌঁছে গেছে ভেন্যু ক্লিভল্যান্ডে। তবে এ দলের সঙ্গে যাননি তারকা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড চিকিৎসার জন্য নিউ জার্সিতেই অবস্থান করছেন।

দলের চিকিৎসকরা আগেই জানান, পায়ের পেছনের পেশিতে (কাফ ইনজুরি) চোট পাওয়ায় নেইমারকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। তবে সেই ম্যাচে নেইমার মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারকে রাখা হলেও তার শারীরিক অবস্থাকে ঘিরে আগে থেকেই শঙ্কা ছিল বলে জানানো হয়। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭৯ গোল করেছেন।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর হাঁটুর চোট (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়া) পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ফেরার পর থেকে ধারাবাহিক ফিটনেস সমস্যায় ভুগছেন নেইমার।

কোচ কার্লোস আনচেলত্তি সম্প্রতি বলেছিলেন, বিশ্বকাপ শুরুর আগে নেইমারের ফিটনেস আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে এবং দলের পরিবেশে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে নেইমার আট ম্যাচে চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগ পর্যন্ত চোট পাওয়া খেলোয়াড়কে দলে পরিবর্তন করার সুযোগ রয়েছে। যদি তিনি খেলতে পারেন, তবে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন