শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সান মারিনোর বিপক্ষে রাতে মাঠে নামছে হামজারা, দেখবেন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
সান মারিনোতে অনুশীলনে বাংলাদেশ দল ।। ছবি: সংগৃহীত
expand
সান মারিনোতে অনুশীলনে বাংলাদেশ দল ।। ছবি: সংগৃহীত

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় আজ (শুক্রবার) রাত ১১টায় প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলাফলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বেশি আলোচনায় বাংলাদেশের নতুন অভিজ্ঞতাগুলো।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এবারই প্রথম ইউরোপে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে দলটি। শুধু তাই নয়, ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির অধীনে, যা জাতীয় দলের জন্য আরেকটি নতুন অভিজ্ঞতা। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল খেললেও এর আগে ভিএআরের অধীনে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।

প্রতিপক্ষ সান মারিনোর জন্যও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। ইউরোপের দেশটি নিজেদের ইতিহাসে প্রথমবার কোনো এশীয় দলের বিপক্ষে খেলতে নামছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সান মারিনোকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

একসময় ইউরোপের সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত সান মারিনো গত কয়েক বছরে নিজেদের অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছে। ২০২৪ সালে লিখটেনস্টাইনের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম জয় পাওয়ার পর একই প্রতিপক্ষকে তাদের মাঠেও হারিয়েছে দলটি। ফলে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকেরা।

বাংলাদেশের প্রস্তুতিতে অবশ্য ছিল কিছু সীমাবদ্ধতা। দীর্ঘ ভ্রমণের পর খুব বেশি সময় হাতে না পেয়েই অনুশীলন সারতে হয়েছে দলকে। অল্প সময়ের প্রস্তুতি নিয়েই নতুন কোচ টমাস ডুলির অধীনে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই এই ম্যাচকে শুধু একটি প্রীতি ম্যাচ নয়, নতুন পরিকল্পনা ও কৌশল যাচাইয়ের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

বিদেশের মাঠে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের দিকে তাকিয়ে আছে দেশের ফুটবলপ্রেমীরা। দেশে বসে সমর্থকেরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন