

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নানা জল্পনা-কল্পনা আর নাটকীয়তার পর ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ চোট–সংকট পেরিয়ে শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। তবে দল ঘোষণার পরপরই আবারও ইনজুরির খবর আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে।
সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে হালকা চোটের কারণে সামনের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। যদিও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে কোনো বাধা দেখছেন না চিকিৎসকেরা।
গত রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করেন নেইমার। দ্বিতীয়ার্ধে চিকিৎসা নেওয়ার পর তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এ সময় বদলি নিয়ে কিছুটা বিভ্রান্তিও দেখা যায়। পরিস্থিতি পুরোপুরি না বুঝে আবার মাঠে ঢুকে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
বুধবার (২০ মে) সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানান, নেইমারের কাফে সামান্য ফোলাভাব রয়েছে। তবে চোট গুরুতর নয় বলেই তাঁদের ধারণা।
জোগাইব বলেন, পুনর্বাসনের অগ্রগতি ইতিবাচক। পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন নেইমার।
বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টারে’ ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। একই সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরাও তাঁর অবস্থার ওপর নজর রাখছেন।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের দাবি, ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে এই চোট নিয়ে কিছুটা চিন্তায় ছিল ব্রাজিলের কোচিং স্টাফ।
বিশেষ করে, বিশ্বকাপ প্রস্তুতির শুরু এবং পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে চোট গুরুতর নয় নিশ্চিত হওয়ার পর তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়।
চোটের কারণে কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। সামনে গ্রেমিও ও দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষেও তাঁর খেলার সম্ভাবনা কম।
