সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ঘিরে যে প্রচারণায় গ্রেপ্তার সেই নারী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৬ এএম
সীমা মিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া।
expand
সীমা মিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও ‘বিভ্রান্তিকর’ ভিডিও প্রচারের অভিযোগে বগুড়া থেকে সীমা মিত্র (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংহখালী গ্রামের শরৎ মিত্রের মেয়ে।

পুলিশের অভিযোগ, ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের ‍দুটি টিকটক অ্যাকাউন্টে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছিল।

তথ্য অনুসন্ধানে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরে নেত্রী আসছেন। নেত্রীকে রিসিভ করতে কারা কারা এয়ারপোর্টে যাবেন, তারা প্রস্তুত থাকবেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আরেকটি ভিডিওতে তাকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া, সাজা স্থগিত হওয়া এবং ২০২৭ সালে নির্বাচন হওয়ার কথা বলতে দেখা যায়। ওই ভিডিওতে তিনি এ বক্তব্যের সূত্র হিসেবে কাদের সিদ্দিকীর নাম উল্লেখ করেন।

অন্য একটি ভিডিওতে আওয়ামী লীগের যেসব কর্মী ৫ আগস্টের পর দলটির পক্ষে অনলাইনে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানান তিনি। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের মতো করে প্রচারণা চালিয়ে যান। আপনারা একেকজন একেকটা মিডিয়া।’

এছাড়াও অন্য একটি ভিডিওতে সীমা মিত্র আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে দাবি করে বলেন, ‘এ দল কখনো হারিয়ে যাওয়ার দল না।’

এ ছাড়া তার টিকটক অ্যাকাউন্টে ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন মিউজিকযুক্ত আরও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, এসব ভিডিও ও বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ও উসকানি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন