

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি বাহিনী। একই সময়ে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট জাহাজগুলোও ঝুঁকির মুখে পড়েছে।
মার্কিন হামলার পর ইরানের পক্ষ থেকে দেওয়া বক্তব্যগুলোতে প্রতিশোধের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্ক করে বলেন, ইরানের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা এবারও করা হয়েছে। তবে এর জবাব যুক্তরাষ্ট্রকে কঠিন মূল্য দিয়ে দিতে হবে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় কয়েকজন ইরানি সেনা নিহত ও আহত হয়েছেন। হামলার প্রতিক্রিয়ায় আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
তবে যুক্তরাষ্ট্রের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতার নির্দিষ্ট কিছু অংশ। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই গত ২৪ আগস্ট তেহরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে ওই পদক্ষেপের পর সংঘাতের সামরিক পর্যায় হয়তো কমে আসতে পারে—এমন ধারণা করেছিলেন কিছু বিশ্লেষক।
কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে ইরানে আবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের পাল্টা হামলা শুরু হওয়ায় দুই দেশের সরাসরি সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালিকে ঘিরে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালি। সেখানে সামরিক উত্তেজনা বাড়লে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নয়, এর প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে পারে।


