সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কান্নায় ভেঙে পড়লেন নেইমার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ঘোষণার ঠিক আগের রাতে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে চোখের জল ধরে রাখতে পারেননি ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। করিতিবার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় সঙ্গীত বাজার সময় মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়েন এই ফরোয়ার্ড।

রবিবার রাতে সান্তোসের হোম গ্রাউন্ড ভিলা বেলমিরোয় ম্যাচটি ছিল নেইমারের জন্য বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার শেষ অডিশন। ম্যাচ শুরুর আগে কোলে নিজের কন্যাসন্তানকে নিয়ে যখন জাতীয় সঙ্গীতের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, তখনই আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ার সময় বারবার হাত দিয়ে তা মুছতে দেখা যায় তাকে। গুরুতর চোট কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার যে তীব্র তাড়না এবং চাপ তার ওপর কাজ করছে, এই কান্না যেন ছিল তারই এক বহিঃপ্রকাশ। তবে নেইমারের এই আবেগের রাতে করিতিবার কাছে ৩-০ ব্যবধানে বড় ব্যবধানে হেরেছে সান্তোস।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালে গিয়েও চোটের কারণে ছন্দ পাননি। অনেকেই ধরে নিয়েছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ।

তবে ২০২৫ সালের শুরুতে নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরে এসে আবারও চোটের সাথে লড়াই করে ফুটবল ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেন তিনি। গত ফেব্রুয়ারিতে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামার পর থেকে সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে কোচ আনচেলত্তির সুনজরে আসেন নেইমার।

গত সপ্তাহে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। তবে আজ সোমবারের চূড়ান্ত ২৬ জনের তালিকায় তার নাম থাকবে কি না, সেটাই এখন কোটি ফুটবল ভক্তের বড় প্রশ্ন।

দেশের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার ইতোমধ্যেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন এই তারকাকে অভিজ্ঞতার কারণেই আনচেলত্তি শেষ পর্যন্ত উত্তর আমেরিকা বিশ্বকাপের দলে রাখবেন বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন