বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পেনাল্টি না দেওয়ায় ‘ক্ষুব্ধ’ বার্সেলোনার কোচ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম
সংবাদ সম্মেলনে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ।। ছবি: সংগৃহীত
expand
সংবাদ সম্মেলনে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ।। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যেন নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে। সম্প্রতি বার্সেলোনার বিরুদ্ধে রেফারির সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল মাদ্রিদ ভিত্তিক এক ওয়েবসাইটে। এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।

বুধবার (০৮ এপ্রিল) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে হেরেছে বার্সেলোনা। এদিন বল দখল থেকে শুরু করে আক্রমণ সব দিকেই এগিয়ে ছিল কাতালানরা।

তবে সব হিসাব-নিকাশ পাল্টে যায় প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচের ৪৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি। এতে ১০ জনের দলে পরিণত হয় কাতালান ক্লাবটি। অ্যাথলেটিকো ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে ফাউল করায় রেফারি ইসতফান কোভাকস প্রথমেতোকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর-এর পরামর্শে লাল কার্ড দেখান রেফারি।

১০ জনের দলে নেমে যাওয়া বার্সেলোনা পরের মিনিটেই গোল হজম করে। অ্যাথলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের করা দারুণ এক ফ্রি-কিক থেকে এগিয়ে যায় তারা।

তবে বিতর্ক এখানে নয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অ্যাথলেটিকো ডিফেন্ডার মার্ক পিউবিলের হ্যান্ডবলের ঘটনা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। পিউবিল প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। তবে বার্সা কোচ মনে করেন, হ্যান্ডবলের দায়ে তাকে দ্বিতীয় কার্ড ও লাল কার্ড প্রদান করতে পারতেন রেফারি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার কাছে এটা স্পষ্ট লাল কার্ড। এ ছাড়া দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টিও দেওয়া যেতে পারত। কেন এটা পর্যালোচনা করে দেখা হয়নি, সেটা ভিএআরই ব্যাখ্যা করতে পারবে।’

পিউবিল হলুদ কার্ড দেখেছেন প্রথমার্ধের শেষে যোগ করা সময়ে। আর দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো বলে কিক মারার পর পেনাল্টি এলাকায় হাত দিয়ে বল থামিয়েছেন পিউবিল। অ্যাথলেটিকো ডিফেন্ডারকে কেন লাল কার্ড দেখানো হলো না, সেটা বুঝতেই পারছেন না ফ্লিক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি জানি না এ ধরনের পরিস্থিতিতে কী ঘটে, যখন গোলরক্ষক খেলা শুরু করে, ডিফেন্ডার হাত দিয়ে বল থামায় এবং তারপর আবার খেলে। আমার বিশ্বাসই হচ্ছে না কেন লাল কার্ড দেখানো হয়নি। এটা ভালো লাগছে না। এটা অন্যায় মনে হচ্ছে। আমাদের এটা মেনে নিতে হবে। আমরা আগামী মঙ্গলবার লড়াই করব।’

আগামী মঙ্গলবার অ্যাথলেটিকোর মাঠ মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। এই মাঠে দুই গোরের ব্যবধান ঘুচিয়ে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন হবে বার্সেলোনার জন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন