বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের চোট ছিল বাঁ পায়ে, চিকিৎসকরা পরীক্ষা করেছে ডান পা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:১৯ পিএম
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ।। ছবি: সংগৃহীত
expand
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ।। ছবি: সংগৃহীত

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের হাঁটুর চোট নিয়ে ভুল চিকিৎসার ঘটনায় বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম। জানা গেছে, গত ডিসেম্বরে এমবাপ্পে চোট পাওয়ার পর ভুল করে তাঁর সুস্থ পায়ে এমআরআই করা হয়, ফলে প্রকৃত সমস্যাটি শুরুতে ধরা পড়েনি।

ঘটনার বিবরণ অনুযায়ী, এমবাপ্পের ডান হাঁটু স্ক্যান করে কোনো সমস্যা না পাওয়ায় তিনি পরবর্তীতে রিয়ালের হয়ে একাধিক ম্যাচে অংশ নেন। পরে চিকিৎসকরা বুঝতে পারেন যে চোটটি আসলে বাঁ পায়ে, ডান পায়ে নয়। পরবর্তীতে নতুন করে পরীক্ষা করে বাঁ হাঁটুতে আংশিক লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করা হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, ভুল রিপোর্টের পরও এমবাপ্পে খেলতে থাকেন। এ সময় তাঁর বাঁ হাঁটুতে ফোলা ও প্রদাহের লক্ষণ থাকলেও সেটি প্রাথমিকভাবে গুরুত্ব পায়নি। পরে বিষয়টি সামনে এলে রিয়াল কর্তৃপক্ষ নতুন মেডিক্যাল মূল্যায়ন করে এবং গত ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করে। তবে তখনও চোটের গভীরতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বরং এটিকে হালকা মচকানো হিসেবে উল্লেখ করা হয়।

কেন এমন ভুল হলো, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ক্লাব কর্তৃপক্ষ এবং এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।

চোটের শুরু হয় গত ৭ ডিসেম্বর, লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে রিয়াল ২-০ গোলে হেরে যায় এবং সেখানেই এমবাপ্পের হাঁটুতে সমস্যার প্রথম লক্ষণ দেখা দেয়। ভুল রিপোর্ট থাকা সত্ত্বেও বছরের শেষ দিকে তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। সেই সময়েই এক ক্যালেন্ডার বছরে রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ডে ভাগ বসান এই ফরাসি ফরোয়ার্ড।

পরে ছুটির পর অনুশীলনে ফিরলে এমবাপ্পে নিজেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বাঁ হাঁটুতে ব্যথার কথা জানান। এরপর নতুন করে পরীক্ষা করা হলে চোটের প্রকৃতি পরিষ্কার হয়। এরপর থেকে তাকে নিয়ে ক্লাব সতর্ক অবস্থানে থাকে এবং ধীরে ধীরে মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেয়।

চোট থাকা সত্ত্বেও এমবাপ্পে ধাপে ধাপে ম্যাচ খেলেন এবং গুরুত্বপূর্ণ গোলও করেন। রিয়ালের হয়ে চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৩৮ গোল করে দারুণ ফর্মে আছেন তিনি। তবে মাঝেমধ্যে ব্যথা ও অস্বস্তি তাঁকে ভোগাতে থাকে বলে জানা গেছে।

ইউরোপীয় প্রতিযোগিতায়ও ধীরে ধীরে মাঠে ফিরেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোতে বদলি হিসেবে নামেন তিনি। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আন্তর্জাতিক বিরতিতে আছেন।

আগামী প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। সেই ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত এমবাপ্পে। তিনি জানিয়েছেন, ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা সব সময়ই বিশেষ কিছু, যা বিশ্বকাপের প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি নিজেকে পুরোপুরি ফিট করে দেশের হয়ে ভালো কিছু করার লক্ষ্যেও কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন