বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের আগে এলোমেলো ব্রাজিল শিবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
অনুশীলনে ব্রাজিল ফুবটল দল ।। ছবি: সংগৃহীত
expand
অনুশীলনে ব্রাজিল ফুবটল দল ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে নেমেছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ দুটি প্রীতি ম্যাচের আগে দলটির প্রস্তুতিতে ছন্দপতন ঘটেছে। ইনজুরি, ভ্রমণ জটিলতা এবং অনুশীলনে অনুপস্থিতি মিলিয়ে কিছুটা অগোছালো পরিস্থিতির মধ্যেই এগোতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। সেই আসরকে সামনে রেখে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কিন্তু প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক ধাক্কা খাচ্ছে দলটি।

ইতোমধ্যে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এলিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো এবং গ্যাব্রিয়েল মাগালায়েস। কোচ কার্লো আনচেলত্তি দুজনের বিকল্প নিলেও গ্যাব্রিয়েলের জায়গা ফাঁকাই রেখেছেন। অন্যদিকে ভ্রমণ জটিলতায় এখনো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেননি ডগলাস সান্তোস এবং লুইজ হেনরিক। এ ছাড়া চোটমুক্ত থাকার লক্ষ্যে দলীয় অনুশীলনে নেই মার্কিনিয়োসও।

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। কিন্তু ম্যাচ দুটির আগে প্রস্তুতি খুব স্বস্তিতে নেই ব্রাজিল ফুটবল দল। অনুশীলনে পুরো দলকে একসঙ্গে পাচ্ছেন না আনচেলত্তি।

মঙ্গলবার প্রথম দিন নির্ধারিত সময়ে হাজির হতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক ফেলিপে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ওয়েসলি, কাইকি, দানিলো ও গোলরক্ষক হুগো সুজা। ফলে আজই (বুধবার) কেবল পুরো দলকে একসঙ্গে ম্যাচের প্রস্তুতির জন্য পেয়েছেন আনচেলত্তি।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জে এখন ব্রাজিল। আর তারই পরীক্ষামঞ্চ হয়ে উঠছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচ। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায় শুরু হবে ব্রাজিল-ফ্রান্স লড়াই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন