শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ছন্নছাড়া ইংলিশ জায়ান্ট লিভারপুল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ এএম
গালাতাসারাইয়ের বিপক্ষে লিভাপুল ।। ছবি: সংগৃহীত
expand

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে। আক্রমণে প্রাধান্য দেখিয়েও গোল করতে পারেনি তারা। অন্যদিকে নিজেদের সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় গালাতাসারাই। ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও লেমিনা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দলটি। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্লোরিয়ান ভির্টজ। পরের মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ও সুযোগ হাতছাড়া করেন।

শুরুর সেই সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় দ্রুতই। সপ্তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেড করে জালে জড়ান লেমিনা।

গোল হজমের পরও আক্রমণ চালিয়ে যায় লিভারপুল। ১৬তম মিনিটে ভালো জায়গা থেকে শট নিলেও গোলরক্ষকের হাতেই বল তুলে দেন ভির্টজ। দুই মিনিট পর ইব্রাহিমা কোনাতের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

২৪তম মিনিটে গালাতাসারাইয়ের আরেকটি সুযোগ নষ্ট হয়। দাভিনসন সানচেসের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে ভির্টজের আরেকটি হেডও ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ৪৬তম মিনিটে সোবোস্লাইয়ের শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক, আর ৫৭তম মিনিটে তার আরেকটি প্রচেষ্টা বার ঘেঁষে বাইরে চলে যায়।

এদিকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮১ ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে তেমন প্রভাব রাখতে পারেননি মোহাম্মদ সালাহ। ৬০তম মিনিটে তাকে তুলে নেন লিভারপুল কোচ আর্নে স্লট।

৬৩তম মিনিটে ওসিমেন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ৬৬তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি উগো একিতিকে।

ম্যাচের শেষ দিকে লিভারপুল সমতায় ফেরার আরও কয়েকটি সুযোগ পায়। ৮৯তম মিনিটে একিতিকের হেড বাইরে চলে যায়। যোগ করা সময়ের শুরুতে কোডি গাকপোর জোরালো শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে গেলে হতাশা বাড়ে লিভারপুলের। ফলে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়েই প্রথম লেগ শেষ করে গালাতাসারাই।

আগামী বুধবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। সেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইংলিশ ক্লাবটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank