সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা চলছে সমান তালে। পয়েন্ট টেবিলেই আগেই শীর্ষে থাকা বার্সেলোনার ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। এবার ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়াল সোসিয়াদকে হারিয়ে বার্সাকে টপকে শীর্ষে উঠল লাস বাঙ্কোসরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়াদকে ৪-১ গোলে হারিয়েছে দলটি। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বাকি গোল দুটি করেছেন গঞ্জালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভার্দে।

এদিন অবশ্য দলের প্রধান ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহামকে ছাড়াই খেলতে নামে স্বাগতিকরা। তবে তাতে খুব একটা অসুবিধা হয়নি।

ম্যাচের ৫ম মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন গঞ্জালো গার্সিয়া। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে হালকা ছোঁয়ায় গোল করে দলকে এগিয়ে দেন এই তরুণ।

এরপর ২১ তম মিনিটে সমতায় ফেরে সোসিয়েদাদ। এসময় ডিন হুইজেন সোসিয়েদাদের ইয়াঞ্জেল হেরেরাকে ডি-বক্সে ফাউল করে বসেন। এতে পেনাল্টি পায় সোসিয়াদ। যেখান থেকে দলকে সমতায় ফেরান ওয়ারজাবাল।

চার মিনিট পর আবারও লিড নেয় রিয়াল মাদ্রিদ। এবার পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস।

বিরতিরে আগে আরও একবার সোসিয়াদের জালে বল পাঠায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩১তম মিনিটে রিয়াল অধিনায়ক ফেদে ভালভার্দে বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে মৌসুমের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে আবারও আরাম্বুরুর ফাউলে পেনাল্টি পেয়ে ভিনিসিউস নিজের দ্বিতীয় গোল করেন।

৯০তম মিনিটে ফ্রি-কিক থেকে হেড করে ভিনিসিউস জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার উল্লাসে মাতেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এই জয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। গতকাল (শুক্রবার) অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরেছে বার্সেলোনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X