

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যাওয়ার পর অবশেষে মুখ খুলেছেন জুদ বেলিংহ্যাম। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ইংল্যান্ডের এই মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের লড়াই ও ঐক্যের কথা তুলে ধরেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের এই তারকা লিখেছেন, আর্জেন্টিনার বিপক্ষে হার এবং গত কয়েক সপ্তাহের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের আতিথেয়তাকারী মাইকেল চ্যান্ডলারের লেখা একটি বার্তা তাদের অনুভূতিকে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি।
এরপর চ্যান্ডলারের লেখা একটি কবিতা শেয়ার করেন বেলিংহ্যাম। কবিতাটিতে ইংল্যান্ড দলের সংগ্রাম, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেলিংহ্যাম সমর্থকদের উদ্দেশে আরও লিখেছেন, যারা নিজেদের সময় ও অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্রে এসে দলকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, এই বিশ্বকাপে যে ভালোবাসা ও ঐক্য দেখা গেছে, সেটি ভবিষ্যতেও ধরে রাখতে হবে।
বেলিংহ্যামের এই বার্তার পরও সেমিফাইনালের কিছু ঘটনা নিয়ে আলোচনা থামেনি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভ্যালেন্তিন বারকোর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাকে নিয়ে সমালোচনা তৈরি হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন নিয়েও নানা আলোচনা হয়।
সেমিফাইনালে লিওনেল মেসির সঙ্গে বেলিংহ্যামের কথোপকথনও আলোচনার জন্ম দেয়। তবে ম্যাচ শেষে তিনি স্পষ্ট করেন, বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি করা হয়েছে।
এ বিষয়ে বেলিংহ্যাম পরে গণমাধ্যমকে বলেন, ‘মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে। কিন্তু আসলে সেখানে তেমন কিছুই ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম, তার আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, আর আমার ওপর যে ফাউলটা করা হয়েছিল, সেটা নিয়ে কী বলবে? আমি তখন বলেছিলাম, তুমি তো যথেষ্ট শক্ত, এটা সামলে নিতে পারবে। কথাটা ওই অর্থেই বলেছিলাম।’
হারের কষ্টের কথা স্বীকার করে বেলিংহ্যাম বলেন, ‘অবশ্যই আমি হেরে যাওয়া দলের একজন, তাই এটা খুবই কষ্টের। কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের (মেসি) বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য গর্বের বিষয়।’
এদিকে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভাই সেবা ফার্নান্দেজ সামাজিক যোগাযোগমাধ্যমে বেলিংহ্যামকে নিয়ে কটাক্ষ করেছেন। ভাইয়ের গোলের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘বিদায়, বেলিংহ্যাম।’
তবে সমালোচনা ও হতাশার মধ্যেও বেলিংহ্যামের বার্তায় ছিল ভবিষ্যতের প্রত্যয়। তার বিশ্বাস, দল ও সমর্থকদের এই ঐক্যই ইংল্যান্ডকে সামনে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নেবে।


