শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে কোন জার্সি পড়ে মাঠে নামবে আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিচিত রঙেই মাঠে নামছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের বিপক্ষে লিওনেল মেসিদের গায়ে থাকবে দলের ঐতিহ্যবাহী হোম কিট—আকাশি-সাদা জার্সি, সাদা শর্টস ও মোজা।

এর আগে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভিন্ন জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। নীল রঙের অ্যাওয়ে কিটে মাঠে নামার অনুমতি চেয়েছিল তারা। ওই একই জার্সি এর আগে চলতি বিশ্বকাপে জর্ডানের বিপক্ষেও ব্যবহার করেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ফাইনালের মঞ্চে আর কোনো পরিবর্তন আনছে না আর্জেন্টিনা। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে যে হোম কিট ব্যবহার করেছে দলটি, স্পেনের বিপক্ষেও সেটিই থাকবে। এবারের আসরে মাত্র তিনটি ম্যাচে এই কিটের বাইরে খেলেছে তারা।

গ্রুপ পর্বের শেষ দিকে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা ব্যবহার করেছিল আর্জেন্টিনা। এরপর জর্ডানের বিপক্ষে পুরো অ্যাওয়ে কিট পরে মাঠে নামে তারা। সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে ছিল সেই বিকল্প জার্সি।

অন্যদিকে, আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা তাদের মূল জার্সি ব্যবহার করেছে। ফাইনালেও মেটলাইফ স্টেডিয়ামে সেই পরিচিত সাজেই দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

গোলপোস্টের নিচে অবশ্য ভিন্ন রঙের পোশাকে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার এই গোলরক্ষক পুরো সবুজ রঙের কিট পরবেন। কাতার বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালেও তিনি একই ধরনের রঙের পোশাকে খেলেছিলেন।

অন্যদিকে, স্পেনও ফাইনালে ফিরছে তাদের মূল জার্সিতে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে বিকল্প কিট ব্যবহার করলেও আর্জেন্টিনার বিপক্ষে তারা পরবে ঐতিহ্যবাহী লাল জার্সি। নীল হাতার নকশা ও হলুদ ছোঁয়া থাকা এই জার্সিতেই বিশ্বকাপের শেষ লড়াইয়ে নামবে তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন