শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে দাপুটে পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগেও দৃষ্টান্ত স্থাপন করেছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলের মানুষের সহায়তায় দান করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে। ম্যাচ শেষে টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ আন্তর্জাতিক মানবিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর কাছে হস্তান্তরের ঘোষণা দেয় এনএফএফ।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, অনুদানের অর্থ গাজাসহ সংঘাতকবলিত বিভিন্ন অঞ্চলে জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

এদিকে, এই মানবিক উদ্যোগে যুক্ত হয়েছে নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও। সংস্থাটি একই তহবিলে অতিরিক্ত ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার, যা প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ, অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বক্তব্যে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল, যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের অবদান দীর্ঘদিনের। বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল আর্লিং হলান্ডের দল। এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যায় ‘ভাইকিংসরা’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup