

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির জনজীবন। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের (হিটওয়েভ) জেরে রাজধানী রোমসহ দেশের একাধিক প্রধান শহরে সর্বোচ্চ স্তরের স্বাস্থ্য সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ (লেভেল-৩) জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) এবং আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) এই তাপপ্রবাহ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। এ দুই দিন রোমের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি স্পর্শ করতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।ইতালির আবহাওয়া ব্যবস্থার ‘লেভেল-৩’ বা রেড অ্যালার্টের অর্থ হলো— এই চরম আবহাওয়া কেবল শিশু বা বয়স্কদের জন্যই নয়, বরং যেকোনো সুস্থ-সবল মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর হতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ নাগরিক ও পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে "দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যালোক এড়িয়ে চলা, প্রচুর পরিমাণে পানি পান করা এবং ক্যাফেইন বা অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলা, হালকা রঙের সুতি পোশাক পরিধান করা এবং বাইরে বের হলে ছাতা বা সানগ্লাস ব্যবহার করা।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আফ্রিকা থেকে ধেয়ে আসা শক্তিশালী উষ্ণ বায়ুপ্রবাহের (Anticyclone) কারণেই ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই দেশটিতে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
তবে আগামী রোববার (১৯ জুলাই) থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আকাশ আংশিক মেঘলা হওয়াসহ কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হতে এবং গরমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পরবর্তী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বর্তমানে রোমের পাশাপাশি ফ্লোরেন্স, বোলোনিয়াসহ ইতালির বেশ কয়েকটি বড় শহরেও এই রেড অ্যালার্ট জারি রয়েছে। দাবদাহের কারণে পর্যটন নগরীগুলোতে ঘুরতে আসা দর্শনার্থীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।