

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার নাটকীয় জয় ঘিরে বিতর্ক এখনও থামেনি। রেফারির একাধিক সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ব্যবহার নিয়ে মিশরের অসন্তোষের মধ্যেই এবার এ বিষয়ে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
মঙ্গলবারের ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। পেনাল্টি মিস করার পরও অধিনায়ক লিওনেল মেসি সমতাসূচক গোল করেন। শেষ ১১ মিনিটে তিন গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় আসে রেফারিং। ভিএআর পর্যালোচনার মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা হয়। পাশাপাশি মিশরের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সম্ভাব্য একটি পেনাল্টির ঘটনা ভিএআরে পর্যালোচনা করা হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তার অভিযোগ, ম্যাচে তাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হয়নি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শহরের নতুন বাস লেন প্রকল্পের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে তিনি লেখেন, নিউইয়র্কবাসী সময় বাঁচিয়ে বন্ধুদের সঙ্গে একমত হতে পারবে যে, আগের দিনের ম্যাচে মিশরকে ‘ডাকাতি করে’ হারানো হয়েছে।
মেয়রের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।
তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

