বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রে ফিফা সভাপতি, কে এই ইনফ্যান্তিনো?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো | ছবি : সংগৃহীত
expand
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো | ছবি : সংগৃহীত

বিশ্বকাপ মানেই মাঠের লড়াই, গোল আর শিরোপার উত্তেজনা। তবে এবার মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ এবং প্রশাসনিক নানা ইস্যুতে বিশ্বকাপ চলাকালেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ঘিরে বিতর্ক, বিশ্বকাপের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যও তার কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়েছেন।

জিয়ান্নি ইনফ্যান্তিনো ২০১৬ সালে দুর্নীতির অভিযোগে বিদায় নেওয়া সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফিফার সভাপতি নির্বাচিত হন। শুরুতে তাকে ফুটবল প্রশাসনে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। স্বচ্ছতা ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া এই সুইস-ইতালীয় আইনজীবী পরবর্তীতে ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন।

তার নেতৃত্বেই বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। একই সঙ্গে ফিফার বাণিজ্যিক আয় এবং সদস্য দেশগুলোর জন্য আর্থিক সহায়তাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংস্থাটির দাবি।

তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি ইনফ্যান্তিনোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ট্রাম্পের জন্য ‘ফিফা পিস প্রাইজ’ চালুর ঘোষণা, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে নির্বাচনের প্রক্রিয়া এবং বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে তার বিভিন্ন সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে।

এ ছাড়া ব্যক্তিগত জেটে ভ্রমণ, প্রশাসনিক ব্যয় এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, ফিফার সিদ্ধান্তে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাব আগের চেয়ে বেড়েছে।

১৯৭০ সালে সুইজারল্যান্ডে ইতালীয় অভিবাসী পরিবারে জন্ম নেওয়া ইনফ্যান্তিনোর শৈশব ছিল সংগ্রামময়। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি ফুটবল প্রশাসনে যোগ দেন। বর্তমানে তিনি সাতটি ভাষায় কথা বলতে পারেন এবং সুইজারল্যান্ড, ইতালি ও লেবাননের নাগরিকত্ব ধারণ করেন।

বিশ্বকাপের সবচেয়ে বড় আসর চলাকালেই তাকে ঘিরে নতুন বিতর্ক শুরু হওয়ায় ফুটবল অঙ্গনে আলোচনা এখন শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নেই। কেউ তাকে আধুনিক ফুটবলের সফল সংস্কারক বলছেন, আবার কেউ মনে করছেন, তিনি ফিফাকে নতুন ধরনের বিতর্কের মুখে দাঁড় করিয়েছেন। ফলে বিশ্বকাপের উত্তেজনার মধ্যেও আলোচনার বড় একটি অংশজুড়ে এখন রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup