

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ফল। তাই ফুটবলারদের মতো রেফারিদের ওপরও থাকে তীব্র চাপ ও বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের দেয় আকর্ষণীয় পারিশ্রমিক। ২০২৬ বিশ্বকাপে সেই অঙ্ক আগের আসরের তুলনায় আরও বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে দায়িত্ব পালনকারী একজন রেফারি চুক্তিভিত্তিক ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা। এ ছাড়া প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য অতিরিক্ত ৩ হাজার থেকে ৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩ লাখ ৬৫ হাজার থেকে ৬ লাখ ১০ হাজার টাকা করে দেওয়া হতো।
তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে রেফারিদের পারিশ্রমিক আরও বেড়েছে। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবু প্রতিবেদনে বলা হয়েছে, একজন রেফারি এককালীন ১ লাখ মার্কিন ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ম্যাচপ্রতি পারিশ্রমিকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এবার একটি ম্যাচ পরিচালনার জন্য একজন রেফারি পাবেন ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ২০ হাজার টাকা। এর সঙ্গে পারফরম্যান্সের ভিত্তিতে অতিরিক্ত বোনাসও যুক্ত হতে পারে।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পাওয়া কোনো রেফারি পুরো টুর্নামেন্ট মিলিয়ে প্রায় ৩ লাখ মার্কিন ডলার আয় করতে পারেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা।
অন্যদিকে, সহকারী রেফারিদের জন্যও রয়েছে আকর্ষণীয় পারিশ্রমিক। তারা প্রায় ২৫ হাজার মার্কিন ডলার পাবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকার সমান।
বিশ্বের শীর্ষ রেফারিদের মধ্যে ইংল্যান্ডের মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরের মতো কর্মকর্তারা নিজ নিজ ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতা পরিচালনা করে বছরে কয়েক কোটি টাকা আয় করেন। বিশ্বকাপে দায়িত্ব পেলে সেই আয়ের সঙ্গে যোগ হয় আরও বড় অঙ্কের পারিশ্রমিক।
তবে উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে রেফারিদের পারিশ্রমিকের বিষয়ে ফিফা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তাই এসব তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে।

