

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। তবে এ ম্যাচে সেলেসাওদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে—হলুদ কার্ডের ঝুঁকি। কারণ, এই ম্যাচে সতর্কবার্তা পেলে পরের ম্যাচে খেলার সুযোগ হারাতে পারেন দলের দুই অভিজ্ঞ ফুটবলার ক্যাসেমিরো ও দানিলো।
জাপানের বিপক্ষে আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো ও ডিফেন্ডার দানিলো। তাই নরওয়ের বিপক্ষে আবারও কার্ড দেখলে দল কোয়ার্টার ফাইনালে উঠলেও নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে তাদের পাওয়া যাবে না।
একই পরিস্থিতিতে রয়েছে নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার আন্তোনিও নুসাও। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। আর্লিং হালান্ডদের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফুটবলারও নতুন করে কার্ড দেখলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবেন।
২০২৬ বিশ্বকাপে দল বেড়ে ৪৮ হওয়ায় নকআউট পর্বেও যুক্ত হয়েছে একটি অতিরিক্ত রাউন্ড। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল হয়ে গেছে। এরপর নতুন হিসাব শুরু হয়েছে, যা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কার্যকর থাকবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট ফুটবলারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হয়। ফলে শেষ ৩২-এর ম্যাচে যারা হলুদ কার্ড দেখেছেন, তাদের জন্য শেষ ষোলোর ম্যাচটি বাড়তি সতর্কতার। একদিকে দলের জয়ের লড়াই, অন্যদিকে অপ্রয়োজনীয় ফাউল এড়িয়ে নিজেদের কোয়ার্টার ফাইনালের জন্যও প্রস্তুত রাখতে হবে।

