

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘বাভি’। অল্প সময়ের মধ্যেই এটি ভয়ংকর সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। ঝড়টি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ে পুরো অঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (০৩ জুলাই) এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হিন্দু।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাই ওই অঞ্চলের সব বাসিন্দাকে অন্তত গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, টাইফুন ‘বাভি’ বর্তমানে মার্শাল দ্বীপপুঞ্জ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ২০৩ কিলোমিটার।
জেটিডব্লিউসির পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমুখী অগ্রসর হওয়া বাভি খুব শিগগিরই সুপার টাইফুনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটার হতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়াবিদদের ধারণা, পরে কিছুটা দুর্বল হলেও সোমবার (৬ জুলাই) সকালে বাভি গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এ কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসবিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ বলা হয়। বর্তমানে বাভির গতিপথ ও শক্তি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

