

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যুক্তরাষ্ট্রের চাপে বিশ্বের অন্তত ১৩টি দেশ অংশ নেয়নি বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে এসব দেশের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার মোট ১৩টি দেশ জানাজায় প্রতিনিধি পাঠানো থেকে বিরত থাকে। তবে কোন কোন দেশ এ সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে পরিচালিত এ কূটনৈতিক তৎপরতা সর্বোচ্চ পর্যায় থেকে সমন্বয় করা হয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূতরা সম্পৃক্ত ছিলেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশগুলোকে সতর্ক করেছিল যে, তারা যদি আলী খামেনির জানাজায় প্রতিনিধি পাঠায়, তাহলে মার্কিন উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৬ জুন মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে স্বাগতিক দেশগুলোর কর্মকর্তাদের বোঝানোর নির্দেশ দেওয়া হয় যে, ইরানি নেতার জানাজায় অংশগ্রহণকে ওয়াশিংটন বৈরী পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে।
এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে তাসনিম দাবি করেছে, রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে না যাওয়ার জন্য চাপ দেন। একই সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরাও স্বাগতিক দেশগুলোকে তেহরানে প্রতিনিধি পাঠালে উন্নয়ন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেন।
তাসনিমের দাবি অনুযায়ী, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত ১৩টি দেশ জানাজায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে রয়েছে পূর্ব ইউরোপের তিনটি দেশ, আফ্রিকার পাঁচটি দেশ, পারস্য উপসাগরীয় অঞ্চলের দুটি আরব দেশ এবং পূর্ব এশিয়ার দুটি প্রধান দেশ।

