শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। ছবি: সংগৃহীত
expand
কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেওয়ার লড়াইকে গর্বের অধ্যায় হিসেবে দেখছেন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। তার মতে, ফলাফল নয়, বিশ্বমঞ্চে দলের সাহসী পারফরম্যান্স এবং দুইবার সমতায় ফেরার মানসিকতাই দেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় অর্জন।

বিশ্বকাপ শুরুর আগে খুব কম মানুষই ধারণা করেছিলেন, আফ্রিকার দল কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেবে। তবে মাঠের পারফরম্যান্সে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে দলটি।

রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যায় কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হলেও তাদের লড়াকু পারফরম্যান্স কুড়িয়েছে প্রশংসা।

নির্ধারিত সময়ে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারও পিছিয়ে পড়লেও বিরতির আগেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে না পারলেও তাদের আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের।

ম্যাচ শেষে কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে আমি গর্বিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য বড় সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছে।

শুধু আর্জেন্টিনাই নয়, গ্রুপ পর্বেও শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের ফলটি দক্ষিণ আমেরিকার দলটির টুর্নামেন্ট থেকে বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখযোগ্য বিষয় হলো, স্পেন, উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে এই তিনটি ম্যাচই ছিল কেপ ভার্দের ইতিহাসে প্রথম।

আফ্রিকান বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে নিজেদের অভিষেক আসরেই নজর কেড়েছে। চার ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ৫ গোল হজম করে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বুবিস্তার দল। তবে ফলাফলের চেয়ে তাদের সাহসী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup