শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:০৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে নতুন ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কঙ্গো।

ম্যাচের শুরুটা অবশ্য কঙ্গোর জন্য ছিল হতাশার। ১০ মিনিটেই এল্ডর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান।

এবং দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় সেই ব্যবধান ধরে রাখে তারা। তবে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না কঙ্গো।

অবশেষে ৬৮ মিনিটে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে আফ্রিকান দলটি। স্পটকিক থেকে ইওয়ান উইসা কোনো ভুল না করে ম্যাচে ১-১ সমতা ফেরান।

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কঙ্গো। ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় তারা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন উইসা।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের তৃতীয় স্থান দখল করে ডিআর কঙ্গো। সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয়।

একই গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পর্তুগাল। ফলে ‘কে’ গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো-এই তিন দলই শেষ ৩২-এ খেলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank