

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কিন্তু এমন কিছু রেকর্ড এবার ফুটবল বিশ্বকাপে হচ্ছে যা রাতারাতি পরিবর্তন হচ্ছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের শুরুতেই কোচদের বয়সসংক্রান্ত একটি বিরল রেকর্ড বারবার বদলেছে। সবশেষে কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকাট এবারের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।
রোববার জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের প্রথম বিশ্বকাপ ম্যাচে দলকে পরিচালনা করেন ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ পরিচালনার রেকর্ড নিজের করে নেন।
এর আগে এই রেকর্ডটি দীর্ঘ ১৬ বছর ধরে ধরে রেখেছিলেন ওত্তো রেহাগেল। তিনি ২০১০ বিশ্বকাপে ৭১ বছর বয়সে গ্রিসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আগে ২০০২ বিশ্বকাপে ৭০ বছর বয়সে প্যারাগুয়ের কোচ হিসেবে রেকর্ড গড়েছিলেন সিজার মালদিনি।
তবে এবারের বিশ্বকাপে মাত্র চার দিনের মধ্যে রেকর্ডটি তিনবার পরিবর্তিত হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোচ হিগো ব্রুস বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েন। চলতি বছর ৭৪ বছরে পা দেওয়া ব্রুসের রেকর্ড টিকে ছিল মাত্র কয়েক ঘণ্টা।
দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর চেকিয়ার কোচ মিরোস্লাভ কুবেক রেকর্ডটি নিজের করে নেন। ৭৫ বছরে পা দিতে যাওয়া কুবেক ২০২৫ সালের ডিসেম্বরে চেকিয়ার জাতীয় দলের দায়িত্ব নেন। কিন্তু কুবেকের রেকর্ডও বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপ মঞ্চে কুরাসাওয়ের হয়ে দায়িত্ব পালন করে ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট নতুন ইতিহাস গড়েন।
অ্যাডভোকাট ২০২৪ সালে কুরাসাওয়ের কোচ হিসেবে নিয়োগ পান এবং তার অধীনেই দলটি ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মেয়ের অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।
এরপর সহকারী কোচ ফ্রেড রুটেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন। পরে অ্যাডভোকাটের মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হলে খেলোয়াড়রা তার প্রত্যাবর্তনের দাবি জানায়। এমনকি দলের এক স্পনসরও রুটেন দায়িত্বে থাকলে অর্থায়ন বন্ধ করার হুমকি দেয়। শেষ পর্যন্ত মে মাসে আবারও কুরাসাওয়ের দায়িত্বে ফেরেন অ্যাডভোকাট।
বিশ্ব ফুটবলে ডিক অ্যাডভোকাটের দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং ক্যারিয়ার রয়েছে। ১৯৮০ সাল থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত এই ডাচ কোচ তিন দফায় নেদারল্যান্ডস পুরুষ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, রাশিয়া, সার্বিয়া, ইরাক এবং বর্তমানে কুরাসাও-মোট আটটি দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
