শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপ পর্ব থেকে কি ছিটকে যাচ্ছেন নেইমার?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৫:৪০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগেই দুশ্চিন্তায় পড়ল ব্রাজিল। দলের তারকা নেইমার জুনিয়রের চোট নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, যা তাকে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে দিতে পারে।

স্কাই স্পোর্ট ইতালিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি জটিল হওয়ায় গ্রুপ পর্বেই তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে জানা গেছে, নেইমার এখনো পুরোপুরি ফিট নন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরিতে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট নিয়েই বিশ্বকাপ দলে যোগ দিলেও এখন পর্যন্ত তিনি দলের মূল অনুশীলনে অংশ নিতে পারেননি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আলাদা পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

ব্রাজিলের দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি সর্বশেষ শারীরিক অবস্থার মূল্যায়নের পর পুরো গ্রুপ পর্বেই তাকে ছাড়াই দল সাজানোর প্রস্তুতি নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। পুনর্বাসন ঠিকঠাক হলে হাইতির বিপক্ষে ম্যাচে সীমিত সময়ের জন্য নেইমারকে নামানোর ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

তবে নেইমারকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো রকমের ঝুঁকি নিতে চায় না। নক আউট পর্বের কথা মাথায় রেখে তাকে পুরোপুরি ফিট করে তোলাই এখন মূল লক্ষ্য। এই সময়ে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের ওপরই আস্থা রাখছে দল।

তথ্যসূত্রঃ ইয়াহু

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন