

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। দু’দলই চাইছে বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে রাঙানো। বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও চিভাসে শুরু হবে ম্যাচটি।
গ্রুপে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা থাকায় শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এই ম্যাচের গুরুত্ব অনেক। তাই প্রথম ম্যাচেই মূল্যবান তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া থাকবে দুই দল।
বিশ্বকাপে অভিজ্ঞতার বিচারে এগিয়ে দক্ষিণ কোরিয়া। হং মিয়ং-বোর দল বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্রায় দুই দশক পর বিশ্বকাপের আসরে ফিরেছে চেক প্রজাতন্ত্র। দীর্ঘ অপেক্ষার পর বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে ইউরোপের দলটি।
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক হিউং-মিন সন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটি শেষ বিশ্বকাপও হতে পারে। তাই দলের আক্রমণভাগে তাঁর ভূমিকা নিয়ে বাড়তি প্রত্যাশা থাকছে। তবে মিডফিল্ডে কিছু চোটের সমস্যার কারণে কৌশলে পরিবর্তন আনতে হয়েছে কোচ হংকে। তিন ডিফেন্ডারের রক্ষণভাগ নিয়ে মাঠে নামতে পারে এশিয়ার দলটি।
চেক প্রজাতন্ত্রের শক্তি তাদের সংগঠিত ফুটবল। দলটিতে বড় তারকার সংখ্যা কম হলেও নির্দিষ্ট পরিকল্পনা মেনে খেলার ক্ষেত্রে বেশ কার্যকর তারা। মিডফিল্ডে অভিজ্ঞ টমাস সউচেকের পাশাপাশি নজর থাকবে তরুণ পাভেল সুলচের দিকে। ক্লাব ফুটবলে দারুণ সময় কাটিয়ে আসা এই মিডফিল্ডার বিশ্বকাপেও আলো ছড়াতে মুখিয়ে আছেন।
অতীত পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াইয়ে খুব বেশি ব্যবধান নেই। আগের তিন দেখায় উভয় দলই একটি করে জয় পেয়েছে। ফলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো তাদের এই সাক্ষাৎও হতে পারে জমজমাট।
আন্তর্জাতিক পর্যায়ে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা ও দ্রুতগতির আক্রমণের কারণে দক্ষিণ কোরিয়াকে সামান্য এগিয়ে রাখা যায়। তবে চেকদের শারীরিক সক্ষমতা, সেট-পিসে দক্ষতা এবং শৃঙ্খলাবদ্ধ খেলার ধরন ম্যাচটিকে কঠিন পরীক্ষায় পরিণত করতে পারে কোরিয়ানদের জন্য।
