

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপ শুরুর আগেই জোড়া দুঃসংবাদ পেয়েছে ভারতের নারী ক্রিকেট দল। চোটের কারণে মহাদেশীয় টুর্নামেন্টে খেলতে পারবেন না জেমিমা রদ্রিগেজ। শুধু এশিয়া কাপ নয়, হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়ান গেমসেও অনুপস্থিত থাকবেন ভারতের এই ব্যাটার।
জেমিমার জায়গায় এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রতিকা রাওয়াল। ভারতের টি-টোয়েন্টি দলে এটাই তার প্রথম ডাক। তবে এশিয়ান গেমসের জন্য জেমিমার বিকল্প হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করেনি ভারত।
ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে চোট পান জেমিমা। দেশে ফিরে পরীক্ষা করানোর পর তার চোটের গুরুতর অবস্থার কথা জানা যায়। ফলে মাঠে ফেরার আগে তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
জেমিমার অনুপস্থিতির মধ্যেই আরও একটি দুঃসংবাদ পেয়েছে ভারত। লিগামেন্টের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল। তার বদলে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে।
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত। এরপর ৩ সেপ্টেম্বর হংকং এবং ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপে ভারতের দল
হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দিপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি ও নান্দানি শর্মা।


