শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেজাজ হারিয়ে মিরাজকে স্টার্ক বললেন- ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ডারউইন টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের বেশ ভালোভাবেই সামলে নিয়ে টাইগার ব্যাটাররা দলকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন। হতাশার সেই চাপেই যেন মেজাজ হারালেন মিচেল স্টার্ক। মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন উত্তপ্ত বাক্যবিনিময়ে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বলে পয়েন্ট অঞ্চলে বল ঠেলে দিয়ে রান নিতে ছুটে যান মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলারদের মতো ব্যাটারদেরও রান নেওয়ার সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ বা ‘প্রোটেক্টেড এরিয়া’ এড়িয়ে চলতে হয়।

দৌড় শুরু করার সময় মিরাজ একবার স্টার্কের দিকে তাকিয়েছিলেন। এরপর বলের দিকে চোখ সরিয়ে নেন তিনি। পরে আবার সামনে তাকাতেই দেখেন, স্টার্ক প্রায় তার মুখোমুখি অবস্থানে। ঘুরে যাওয়ার পরিবর্তে মিরাজ পিচের মাঝ দিয়েই দৌড়ান। বিষয়টি নজর এড়ায়নি আম্পায়ার কুমারা ধর্মসেনার।

রান সম্পন্ন হওয়ার আগেই ধর্মসেনা মিরাজের কাছে গিয়ে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর জন্য তাকে সতর্ক করেন। মিরাজ তখনই ব্যাখ্যা দেন, বলের দিকে নজর রাখতে গিয়ে সামনে কী রয়েছে, সেটি তিনি বুঝতে পারেননি।

এরপরই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক বলেন, ওই জায়গাটি তার ফলো-থ্রুর অংশ এবং মিরাজকে উইকেটের পথ ছেড়ে দৌড়াতে হবে। জবাবে মিরাজ জানান, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল, তা তিনি দেখতে পাননি।

নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় স্টার্ককে মিরাজের উদ্দেশে আরও একটি মন্তব্য করতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

ঘটনাটি নিয়ে পরে মিরাজের পক্ষেই কথা বলেন চ্যানেল সেভেনের ধারাভাষ্যে থাকা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, মিরাজের আচরণটি ইচ্ছাকৃত ছিল না। বলের দিকে তাকিয়ে থাকার পর সামনে স্টার্ককে দেখতে পেয়ে পিচের মাঝ দিয়ে চলে যাওয়াটাই তার কাছে সহজ মনে হয়েছিল।

ম্যাচের মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার পেসারদের হতাশার চিত্রের মধ্যেই মিরাজ-স্টার্কের এই বাক্যবিনিময় যোগ করেছে বাড়তি উত্তেজনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank