

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে ভারতের আসার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। তবে এখনও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত আসেনি দুই বোর্ডের পক্ষ থেকেই।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আসন্ন বাংলাদেশ সফর নিয়ে বল এখন দেশটির কেন্দ্রীয় সরকারের কোর্টে। তাদের অনুমতির ওপর নির্ভর করছে আসন্ন সিরিজটির ভবিষ্যৎ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তারা সরকারের অনুমতির অপেক্ষা করছেন। তিনি বলছেন, 'সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। কিন্তু সরকারের অনুমতির পরেই সবটা চূড়ান্ত হবে।'
আরও জানিয়েছেন, আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ঠিকঠাকই আছে। তার কথায়, “বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে সরকারের থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনও সিরিজের দিনক্ষণ নির্ধারিত হয়নি। অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারিত হয়ে যাবে।”
প্রসঙ্গত, ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার আসার পর দুই দেশের বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছিল।
বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। তবে বাংলাদেশের সতর্কতা সত্ত্বেও ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই সম্ভাবনাকে অনিশ্চয়তায় রূপ দিয়েছে!

