

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ। চলতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশিত হতে যাওয়া ওয়ানডে র্যাঙ্কিংই ঠিক করে দেবে কোন দলগুলো বাছাইপর্ব এড়িয়ে মূল আসরে খেলার সুযোগ পাবে। সেই সমীকরণে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। স্বাগতিক হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের জায়গা নিশ্চিত। ফলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুযোগ পাবে আরও নয়টি দল। বর্তমানে ৮৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। আর ৭৫ রেটিং নিয়ে দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই শেষ কয়েক মাসের পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।
এবারের বিশ্বকাপকে সামনে রেখে প্রতিযোগিতার কাঠামোতেও বড় পরিবর্তন এনেছে আইসিসি। বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল খেলবে সুপার সিক্স পর্ব।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোর জন্য সুযোগ পুরোপুরি শেষ হবে না। তারা অংশ নেবে নতুন সংযোজিত ‘সুপার সিরিজে’। এই তিন দলের মধ্যে সেরা দলটি বিশ্বকাপের মূল পর্বে ১২তম দল হিসেবে জায়গা পাবে।
এর ফলে বাছাইপর্ব পেরোনোর পথ আগের তুলনায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। শুধু বাছাইপর্বে ভালো করলেই হবে না, প্রয়োজন হলে সুপার সিরিজেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।
প্রথমে ২০২৭ বিশ্বকাপ ১৪ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে সেই সিদ্ধান্ত বদলায় আইসিসি। নতুন ফরম্যাট অনুযায়ী মূল পর্বে খেলবে ১২টি দল। দুটি গ্রুপে বিভক্ত এই দলগুলোর মধ্যে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি এবং পরবর্তী সেরা একটি দল নিয়ে গঠিত হবে সাত দলের 'সুপার সেভেন'। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে।


