শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:০৯ পিএম আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত এই দলে কোনো পরিবর্তন আনা হয়নি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও, শেষ ম্যাচের অপরিবর্তিত দলেই থাকছেন তিনি।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই লড়াইয়ে টানা জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮৬ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে অজিদের হারায় স্বাগতিকরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মিরপুরে ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের একটি বাউন্সার সরাসরি আঘাত হানে মিরাজের মাথায়। ফলে শেষ ম্যাচে তাঁর খেলা নিয়ে একপ্রকার সংশয় তৈরি হয়। আজ শুক্রবার বিসিবির ডাক্তারি পর্যবেক্ষণ শেষে মিরাজের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন বিসিবির মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল।

এক ভিডিও বার্তায় নাফিস ইকবাল বলেন, ‘‘এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগামীকাল অনুশীলনে তিনি অংশ নিতে পারবেন কি না। এ বিষয়ে ডাক্তার ও ফিজিও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। তার ফিটনেস ও উপলব্ধতা নিয়ে আগামীকালই চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানানো হবে।’

অবশ্য নাফিস ইকবালের এই ভিডিও বার্তার ঘণ্টা পাঁচেক পরই বিসিবির পক্ষ থেকে শেষ ওয়ানডের দল প্রকাশ করা হয়। সেখানে অধিনায়ক হিসেবে মিরাজের উপস্থিতিই নিশ্চিত করছে যে, টিম ম্যানেজমেন্ট তাঁকে শেষ ম্যাচে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন