সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:৩৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠন নিয়ে আইনি লড়াই নতুন মোড় নিয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ২১ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান। পরে আদালত বৃহস্পতিবার দুপুরে শুনানির সময় ঠিক করে দেন।

এর আগে গত সপ্তাহে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ জন পরিচালক বর্তমান বোর্ড বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটকারীরা হলেন, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।

রিটের বিবাদীরা হলেন, বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে বলা হয়েছে, নির্বাচিত বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন আইনগত কর্তৃত্বের বাইরে কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির সভাপতি করা হয় সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে। কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান।

তবে এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আগেও আদালতে রিট করা হয়েছিল। সাত আইনজীবীর করা সেই রিট ১১ মে খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন