বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও সিরিজ হারল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের তুলনায় লক্ষ্যটা কম হলেও এবারও ব্যাটারদের ব্যর্থতায় জয় পাওয়া হলো না বাংলাদেশের। তাতে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা।

সিলেটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জ্যোতির দলকে ২১ রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে লাল সবুজরা। ৪৭ বল মোকাবিলায় ৪৪ রানের ইনিংসে শারমিন আক্তার শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও সেটি কোনো কাজেই আসেনি।

প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বোলাররা শ্রীলঙ্কাকে ১৬১ রানে আটকে রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ব্যাটাররা সে চ্যালেঞ্জ নিতে পারেননি। ২৫ রানে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এবার লঙ্কানদের আটকানো গেছে ১৫৪ রানে। তবে এবারও চ্যালেঞ্জ নিতে পারেননি ব্যাটাররা।

রান তাড়ায় নেমে শুরুটা দেখেশুনে করেছিলেন দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস। প্রথম জুটিতে ৬.২ ওভারে তারা দলকে এনে দেন ৪৬ রান। ২৩ বলে ৪ চারের মারে ২৩ রান করে আউট হন দিলারা। সমান বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান করে দলীয় ৬৭ রানে বিদায় নেন জুরাইরিয়া। দুজনের বিদায়ের পর প্রয়োজনীয় রানের সঙ্গে মিলিয়ে রান তুলতে পারেননি শারমিন, জ্যোতি ও সোবানা মোস্তারিরা। শারমিন যদিও একপ্রান্ত আগলে রাখেন, তবে জ্যোতি ৭ বলে ৭, মোস্তারি ২ বলে ০ আর আগের ম্যাচে ফিফটি হাঁকানো স্বর্ণা ১৩ বলে ১২ রান করে বিদায় নেন। অপরপ্রান্ত আগলে রাখলে মন্থর ব্যাটিংয়ে দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হন শারমিন। ৪৭ বলে ৪ চারের মারে তার ৪৪ রানের অপরাজিত ইনিংসটি কোনো কাজেই আসেনি। বরং তার এই মন্থর ব্যাটিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছে লাল সবুজদের। যার কারণে কাজে আসেনি শেষদিকে ৫ বলে ৯ রান করা রিতু মনির ইনিংসটিও।

শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিংয়ে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন কাভিশা দিলহারি। টাইগ্রেসদের বাকি ৩ উইকেটেরই পতন হয়েছে রান আউটে। এর আগে সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে লঙ্কানরা। দলের হয়ে হার্শিতা সামারাবিক্রমা ২৯ বলে ৪৯, অধিনায়ক চামারি আথাপাত্থু ৩৭ বলে ৪২, ইমেশা দুলহানি ২২ বলে ২৭ আর নিলাকশিকা সিলভা ১৮ বলে ২২ রান করেন। স্বাগতিকদের পক্ষে বল হাতে ১টি করে উইকেট তুলে নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।

হোয়াইওয়াশ এড়ানোর লজ্জা থেকে বাঁচতে আগামী ২ মে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতিদের। এর আগে ওয়ানডে সিরিজটিও ২-১ ব্যবধানে হেরেছে লাল সবুজরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন